আইসিএসবির নতুন সদস্যদের অভ্যর্থনা অনুষ্ঠান

৪ ডিসেম্বর, ২০২৩ ২৩:০৩  

এবার সদ্য নিবন্ধিত ৪১ এসোসিয়েট সদস্যকে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নিলো ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)। রাজধানীর হলিডে ইন হোটেলে ৪ অক্টোবর অনুষ্ঠিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ আইসিএসবি-এর নতুন সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেন।  

প্রধান অতিথির বক্তব্যে, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ আইসিএসবি-এর সকল নতুন সদস্যদের অভিনন্দন জানান। তিনি বলেন, চার্টার্ড সেক্রেটারিদের পেশাদারিত্ব, নৈতিকতা, বৈষম্যহীনতা, সহানুভূতি, আন্তর্জাতিক কমপ্লায়েন্স ইস্যু, ইএসজি, নবায়নযোগ্য জ্বালানি, ইত্যাদি সম্পর্কে জানতে হবে এবং তাদের নিয়মিত কার্যক্রমে অনুশীলন করতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, আমরা ২০২৬ সালের মধ্যে একটি উন্নয়নশীল দেশে পরিণত হবে সুতরাং আমাদের রাজস্ব সংগ্রহ এবং শুল্ক নীতি সংস্কার নিয়ে কাজ করতে হবে। যদিও আমরা আরএমজি সেক্টর থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করি কিন্তু আমাদের টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য আরও ৪-৫ টি নতুন বৈচিত্র্যপূর্ণ রপ্তানি খাত গড়ে তুলতে হবে। চার্টার্ড সেক্রেটারিগণ সকল কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা এবং ২০৪১ সালের মধ্যে উন্নয়ন লক্ষ্যমাত্রা টেকসইভাবে অর্জনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

এর আগে আইসিএসবি এর সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন এর সূচনা বক্তব্যের মাধ্যমে অভ্যর্থনা অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। তিনি আইসিএসবি-এর সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে আলোচনা করেন এবং নতুন সদস্যদের অভিনন্দন জানান।

মেম্বারশিপ এন্ড রেজিস্ট্রেশন কমিটির চেয়ারম্যান অলি কামাল স্বাগত বক্তব্যে বলেন, নতুন সদস্যদের জ্ঞান, দক্ষতা এবং সততার পরীক্ষা হবে অত্যন্ত প্রতিযোগিতামূলক পরিবেশে।

নতুন সদস্যদের পক্ষ হতে, তিনজন এসোসিয়েট সদস্য- হ্যাপি দে, মোঃ ইব্রাহিম হোসেন এবং মাহমুদুল হাসান বক্তব্য রাখেন। বক্তব্যে তারা বলেন, আইসিএসবির সর্বস্তরের সকলের সহযোগিতা ছাড়া চার্টার্ড সেক্রেটারি হওয়া কষ্টসাধ্য একটি ব্যাপার। তারা আরও উল্লেখ করেন যে, আইসিএসবি থেকে অর্জিত জ্ঞান তাদের কর্মজীবনে সহায়ক ভূমিকা পালন করবে।

এন্ড রেজিস্ট্রেশন কমিটির সদস্য এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অলি কামাল নতুন সদস্যদের উদ্দেশে “পেশাগত নৈতিকতা” বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন। তিনি পেশাদারী আচরণবিধি, চার্টার্ড সেক্রেটারিদের নৈতিক নীতিমালা, চার্টার্ড সেক্রেটারিদের পেশাগত দায়িত্ব নিয়ে আলোচনা করেন।  

মোহাম্মদ আসাদ উল্লাহ এফসিএস, প্রেসিডেন্ট, আইসিএসবি তার বক্তব্যে বলেন যে, নতুন চার্টার্ড সেক্রেটারিদের জন্য এটি একটি বিশেষ দিন। এই বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকলের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি আরও বলেন যে, এটি একটি নতুন পর্বের সূচনা, যেখানে শেখার আগ্রহ, গভীরতা এবং সুযোগ বৃদ্ধি পাবে। তিনি সদ্য নিবন্ধিত সদস্যদের এ পেশার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার আহ্বান জানান।

মেম্বারশিপ এন্ড রেজিস্ট্রেশন কমিটি সদস্য আবুল ফজল মোহাম্মদ রুবাইয়াত ইন্সটিটিউটের পক্ষে সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের ইতি টানেন।